ব্যস্ত রাস্তায় হঠাৎ ভেঙে পড়ল বিমান
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ব্যস্ত সড়ক। চার লেনের রাস্তা দিয়ে একের পর এক ছুটে চলছে যানবাহন। হঠাৎই ভূচর যান চলাচলের রাস্তায় এসে গুঁতো খেল একটি আকাশযান। সেসনা-৩১০ মডেলের একটি বিমান।
স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা ৩৫ মিনিটে ক্যালিফোর্নিয়ার ‘৪০৫ নম্বর ম্যাকআর্থার ফ্রিওয়েতে’ এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট। এতে আহত হয়েছেন ছোট আকারের বিমান সেসনায় থাকা পাইলট ও দুই যাত্রী।
বিমানের আহত এক পাইলটের বরাত দিয়ে ‘সিবিএস লস অ্যাঞ্জেলস অনলাইন’ জানায়, জন ওয়াইনে বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যে বিমানটির নিয়ন্ত্রণযন্ত্রে গণ্ডগোল দেখা দেয়। পাইলট সেসনাটি নিয়ে বিমানবন্দরে ফিরে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ফিরতে না পেরে সড়কে জরুরি অবতরণ করেন। আর এই অবতরণের সময়েই বিমানে আগুন ধরে যায়।
ফক্স নিউজ জানায়, রাস্তায় জরুরি অবতরণের পরপরই বিমানের পেছনের অংশ ভেঙে এতে আগুন ধরে যায়। এরপর দ্রুত অ্যাম্বুলেস এসে বিমানের চালক ও দুই যাত্রীকে হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট আরো জানিয়েছে, বিমানটি রাস্তায় পড়ায় কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। তবে সড়কে থাকা একটি লরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

অনলাইন ডেস্ক