জাতিসংঘে শেখ হাসিনা-ট্রাম্প কথা
জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনের একটি সভা শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কথা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সংস্কারে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত উচ্চপর্যায়ের এক সভায় যোগদান করেন।
সোমবার জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এ সভায় জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগদানে আগত ১৯৩টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান যোগ দেন। সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ডেনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেন। বিবিসি, সিএনএনসহ অন্যান্য টেলিভিশন চ্যানেল তা সরাসরি সম্প্রচার করে।
সভায় ডোনাল্ড ট্রাম্প বলেন, আমলাতন্ত্র ও অব্যবস্থাপনার কারণে সাম্প্রতিক বছরগুলোতে জাতিসংঘ পুরোপুরি সম্ভাবনায় পৌঁছতে পারেনি।
উচ্চপর্যায়ের এ সভার আলোচ্য বিষয়ের শিরোনাম ছিলো ‘জাতিসংঘের সংস্কার : ব্যবস্থাপনা, নিরাপত্তা ও উন্নয়ন’। জাতিসংঘ মহাসচিব গুতেরেজেসের এ বিশ্ব সংস্থার বৃহত্তর দক্ষতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা আনয়নে একটি ঘোষণা গ্রহণের প্রচেষ্টাকালে এ সভা অনুষ্ঠিত হলো। সোমবার সকাল পর্যন্ত এ ঘোষণায় ১২৮টি দেশ স্বাক্ষর করেছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা পুরো ব্যবস্থার প্রতি জাতিসংঘ মহাসচিবের দেখভালের প্রচেষ্টাকে সমর্থন করি। আমরা জাতিসংঘের উন্নয়ন, ব্যবস্থাপনা, শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা ভালো করার প্রচেষ্টাকে সমর্থন করি।
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, আমরা এমন এক জাতিসংঘ চাই, যেখানে সারা বিশ্বের মানুষের আস্থা থাকবে। আমলাতান্ত্রিক ব্যবস্থাকে বাদ দিয়ে ব্যবস্থাপনা হালনাগাদ করতে হবে এবং জাতিসংঘের মূল মিশনকে এগিয়ে নিতে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে।
বার্তা সংস্থা বা্সস জানায়, সভায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীও উপস্থিত ছিলেন। পরে শেখ হাসিনা ‘যৌন হয়রানি ও অপব্যবহার রোধ’ শীর্ষক উচ্চপর্যায়ের এক সভায় যোগ দেবেন। এ ছাড়া তিনি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টবগের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।
সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

অনলাইন ডেস্ক