আবারও রোহিঙ্গা ঢলের শঙ্কা জাতিসংঘের
সেনাবাহিনীর নির্যাতন-হত্যা-ধর্ষণের মুখে রাখাইন রাজ্য থেকে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আবারও বাংলাদেশমুখী ঢল নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।
গতকাল শুক্রবার জাতিসংঘের মানবিক ত্রাণ দপ্তরের প্রধান মার্ক লোকক সুইজারল্যান্ডের জেনাভায় এক সংবাদ সম্মেলনে বলেন, সহিংসতার মধ্যেও অনেক রোহিঙ্গা রাখাইন অঞ্চলে রয়ে গেছে। নির্যাতনের মুখে মিয়ানমার থেকে আবারও বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামবে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ২৫ আগস্ট নতুন করে সহিংসতা শুরুর পর জাতিসংঘের সর্বশেষ হিসাব অনুযায়ী, রাখাইন থেকে মোট পাঁচ লাখ ১৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। গত ছয় সপ্তাহে এটি বড় ধরনের মানবিক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন মার্ক লোকক।
রাখাইন অঞ্চলে যারা রয়ে গেছে তাদের কাছে কোনো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি পৌঁছাতে পারছে না বলে জানান জাতিসংঘের এ প্রতিনিধি। তিনি একে অগ্রহণযোগ্য বলে মনে করেন। তবে মার্ক লোকক আশা প্রকাশ করেন খুব শিগগিরই তাঁরা সেখানে প্রতিনিধি পাঠাতে পারবেন।
রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা অভিযোগ করেছেন, সেনাবাহিনী সেখানকার পুরুষদের ধরে নিয়ে হত্যা করছে আর নারীরা প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে। তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, রোহিঙ্গাদের চারশোরও বেশি গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতেই জাতিসংঘের মানবিক ত্রাণ দপ্তরের প্রধান মার্ক লোকক কর্মকর্তাদেরকে রাখাইনে যেতে দেওয়ার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রোহিঙ্গাদের আসা এখনো বন্ধ হয়নি। এখনো হাজার হাজার রোহিঙ্গা মিয়ানমারের ভেতরে অবস্থান করছে। আর সেই কারণে শরণার্থীদের ঢল যদি আবারও নামে, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

অনলাইন ডেস্ক