কলোরাডোতে ওয়ালমার্টে ঢুকে গুলি, দুজন নিহত
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের রাজধানী ডেনভারের উপকণ্ঠে থর্নটন এলাকায় বহুজাতিক চেইন শপ ওয়ালমার্টে ঢুকে এক ব্যক্তির চালানো গুলিতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গুলিতে কারা নিহত হয়েছে বা কে গুলি চালিয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি থর্নটন পুলিশ।
গোলাগুলির প্রায় ৯০ মিনিট পর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে পুলিশ জানায়, তদন্তকারীরা দুই পুরুষকে মৃত অবস্থায় পেয়েছেন। আহত নারীকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
‘আমরা কয়েকজনকে পড়ে থাকতে দেখেছি। আমরা এখনো তাঁদের প্রকৃত অবস্থা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি’, রয়টার্সকে টেলিফোনে বলেন থর্নটন পুলিশ বিভাগের কর্মকর্তা ভিক্টর অ্যাভিলা।
গোলাগুলির প্রাথমিক খবর জানানোর এক ঘণ্টা পর টুইটারে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ওয়ালমার্টের দোকানটিতে গুলির হুমকি আর নেই। পুরো জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
থর্নটন শহরে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ বসবাস করে। এটি ডেনভার থেকে ১৬ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

অনলাইন ডেস্ক