যে পেশার মানুষ নিজেদের মধ্যেই বিয়ে করে বেশি
কিছু কিছু পেশার মানুষ আছে, যারা নিজেদের মধ্যেই বিয়ে করে বেশি! জীবনসঙ্গী হিসেবে নিজ পেশার মানুষকেই পাওয়ার জন্য সব ধরনের চেষ্টা করে তারা। সম্প্রতি করা জনগণনা থেকে এ তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর প্রতিষ্ঠান প্রাইসোনোমিকসের গবেষক ড্যান কোফ চার কোটি যুগলের ওপর করা এই শুমারির তথ্য বিশ্লেষণ করেছেন। তিনি এমন কিছু পেশার মানুষদের খুঁজে পেয়েছেন, যারা তাদের পেশার লোককেই বিয়ে করতে চায়। গবেষণাটি শুধু নারী ও পুরুষের মধ্যে বিয়ের ওপরই করা হয়েছে। সমকামীদের ওপরও খুব শিগগিরই শুমারি করা হবে।
কোফ দেখতে পেয়েছেন, আইনজীবী, কৃষক ও শিক্ষকরা তাদের নিজেদের পেশার কাউকেই বিয়ে করার ব্যাপারে আগ্রহী। খনি শ্রমিক, নির্মাণ শ্রমিক এবং অর্থনীতি বিষয়ে যারা কাজ করছে জীবনসঙ্গী হিসেবে তাদের নিজেদের পেশার কাউকে কম পছন্দ।
এর পাশাপাশি একটি তালিকায় কিছু পেশার মধ্যে তুলনা করা হয়েছে। এই তালিকার উপরের সারির দিকে যেসব পেশা রয়েছে, সেসব পেশার মানুষের বিয়ের জন্য নিজের পেশার কাউকেই বেশি পছন্দ। তালিকার নিচের দিকে থাকা পেশাগুলোর মানুষরা একই পেশার কাউকে জীবনসঙ্গী হিসেবে খুব কমই চেয়ে থাকে।
এতে দেখা যায়, কৃষিকাজ, মাছ ধরা, বন সংক্রান্ত পেশার এক-চতুর্থাংশ মানুষ নিজ নিজ পেশার লোককে বিয়ে করেছে।
কোফ ব্যাখা দিয়ে বলেছেন, সম্ভবত এই শিল্পগুলো প্রত্যন্ত গ্রামাঞ্চল কেন্দ্রিক বলেই এমনটি হচ্ছে। এখানে পেশার ক্ষেত্রে তেমন বৈচিত্র্য নেই।
অন্য লিঙ্গের মানুষের অধীনে রয়েছে যেসব পেশা, সেসব পেশার মানুষ, যেমন- নারী নির্মাণ শ্রমিক ও পুরুষ নাপিত নিজের পেশার কাউকেই বিয়ে করতে চায়। ৪০ শতাংশ নারী নির্মাণ শ্রমিক একজন নির্মাণ শ্রমিককেই বিয়ে করতে চায়। ৫০০ ধরনের পেশার মানুষের ওপর এই শুমারি করা হয়।

অনলাইন ডেস্ক