ইরান যুদ্ধ স্বল্প সময়ের মধ্যেই শেষ হবে : ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে ‘স্বল্পমেয়াদি অভিযান’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান সম্পূর্ণভাবে পরাজিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অব্যাহত থাকবে।
ফ্লোরিডায় রিপাবলিকান পার্টির এক সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, আমরা একটি ছোট অভিযান শুরু করেছি, কারণ কিছু অশুভ শক্তিকে থামানো প্রয়োজন ছিল। আমি মনে করি এটি স্বল্প সময়ের মধ্যেই শেষ হবে। খবর আনাদোলুর।
ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা না হলে ইরান মাত্র দুই সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারত।
ট্রাম্প আরও বলেন, চলমান অভিযানে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষায়, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ‘সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে’ এবং তাদের নৌবাহিনীর বড় অংশ ধ্বংস হয়ে গেছে।
তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানকে ‘সম্পূর্ণ ও চূড়ান্তভাবে পরাজিত’ না করা পর্যন্ত সামরিক অভিযান বন্ধ হবে না।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে ইরানে সামরিক অভিযান শুরু হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় এখন পর্যন্ত ১২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বহু সামরিক কর্মকর্তা এবং শতাধিক স্কুলছাত্রী রয়েছে।
এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা ও ইসরায়েলের কয়েকটি শহর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত সাতজন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এনটিভি অনলাইন ডেস্ক