নিয়োগের মাত্র ১০ মাস পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল আসাফকে মন্ত্রির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নিয়োগের মাত্র ১০ মাস পর তাঁকে সরিয়ে দেওয়া হলো।
সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানায়, নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদকে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন পররাষ্ট্রমন্ত্রী বিন ফারহান এর আগে জার্মানিতে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। আমেরিকায় সৌদি দূতাবাসেও রাজনৈতিক উপদেষ্টা ছিলেন বিন ফারহান।
বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল আসাফকে ২০১৮ সালের ডিসেম্বরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি রাজপরিবারের সম্পৃক্ততা থেকে দৃষ্টি সরাতেই তখন পররাষ্ট্রমন্ত্রী পদে পরিবর্তন আনা হয়েছিল।
সৌদি রাজা অপর এক ফরমানে গতকাল বুধবার যোগাযোগমন্ত্রী পদেও পরিবর্তন এনেছেন। নতুন যোগাযোগমন্ত্রী হয়েছেন সালেহ আল জাসের।

অনলাইন ডেস্ক