যৌন হেনস্তার অপরাধীকে রাস্তা পরিষ্কারের শাস্তি!
যৌন হেনস্তা ও খুনের চেষ্টায় অপরাধী চার যুবককে ছয় মাস পর্যন্ত রাস্তা সাফাইয়ের সাজা দিলেন মুম্বাই হাইকোর্ট। তবে প্রতিদিন নয়, সপ্তাহে একদিন আট ঘণ্টা করে ওই চার যুবককে এই শাস্তি ভোগ করতে হবে। আর আদালতের নির্দেশ তারা ঠিকমতো পালন করছে কি না, সে ব্যাপারে নজর রাখবেন এক পুলিশ কর্মকর্তা।
টাইমস অব ইন্ডিয়া জানায়, গত বছরের অক্টোবর মাসে দশেরা উৎসবের দিনে মুম্বাইয়ের শহরতলিতে মদ্যপ অবস্থায় মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করে ওই চার যুবক। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি এই ঘটনার প্রতিবাদ করলে ওই চার যুবক মিলে তাঁকে মারধর ও খুনের চেষ্টা চালায়। এই অপরাধে মুম্বাই শহরতলির বাসিন্দা অঙ্কিত যাদব, সুহাস ঠাকুর, মিলিন্দ মোরে এবং অমিত আদখালে নামে ওই চার যুবকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।
এরপর আদালতে অভিযুক্ত চার যুবক জানায়, তারা অভিযোগকারীদের সঙ্গে বিষয়টি মিটিয়ে নিয়েছে। তাই কোর্ট যেন তাদের রেহাই দেয়। কিন্তু আজ শুক্রবার মুম্বাই হাইকোর্টে বিচারপতি আর ভি মোরে এবং ভি এল অচিলিয়ার ডিভিশন বেঞ্চ মামলার শুনানিতে জানান, মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হলেও শাস্তি ভোগ করতেই হবে তাদের। আর এই শাস্তিস্বরূপ প্রত্যেক রোববার মুম্বাইয়ের থান এলাকার রাস্তায় আট ঘণ্টা করে ছয় মাস পর্যন্ত ঝাড়ু দিতে হবে তাদের।

অনলাইন ডেস্ক