কানাইয়াকে ডেকে নিয়ে চড়
‘জাতীয়তাবাদী’ বক্তব্য দেওয়ার সময় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র ইউনিয়নের সভাপতি কানাইয়া কুমারকে ডেকে নিয়ে চড় দিলেন এক যুবক। আজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ছাত্র ও শিক্ষকরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্লকে কানাইয়া যখন ‘জাতীয়তাবাদী’ বক্তব্য দিচ্ছিলেন তখন কথা বলার জন্য ওই যুবক তাঁকে ডাকে। কানাইয়া ডাকে সাড়া দিয়ে কথা বলার জন্য এক কোনায় যান, তখন ওই যুবক তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করে। বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি কানাইয়াকে চড় দেন। এ দৃশ্য দেখে তাৎক্ষণিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিকটবর্তী থানায় অভিযোগ করেছে। এই থানাতেই জিজ্ঞাসাবাদের জন্য কানাইয়াকে আটকে রাখা হয়েছিল। অভিযোগের পর এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, যে যুবক কানাইয়াকে চড় দিয়েছেন এখনো তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে ১৭ ফেব্রুয়ারি পাতিওয়ালা হাউস কোর্ট প্রাঙ্গণে দেশদ্রোহিতার অভিযোগ এনে আইনজীবীদের একটি দল কানাইয়ার ওপর হামলা করার পর তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। দিল্লি পুলিশ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ক্যাম্পাসের বাইরে কানাইয়ার আন্দোলন সম্পর্কে অবগত করতে অনুরোধ করেছিল।

এ ছাড়া গত সপ্তাহে পূর্বাঞ্চল সেনা নামে একটি সংগঠনের সভাপতি দাবি করে এক ব্যক্তি কানাইয়াকে গুলি করে হত্যার জন্য ১১ লাখ রুপি ঘোষণা করেন। এই ঘোষণার পর অবশ্য তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি জেএনইউয়ে ভারতের পার্লামেন্টে হামলায় অভিযুক্ত আফজাল গুরুর ফাঁসির বার্ষিকী উপলক্ষে মানবাধিকারকর্মীরা অনুষ্ঠানের আয়োজন করেন। সেই অনুষ্ঠানে ‘ভারতবিরোধী’ স্লোগান দেওয়ার অভিযোগে গত ১২ ফেব্রুয়ারি কানাইয়াকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। এরপর দিল্লি হাইকোর্ট ছয় মাসের জন্য তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করলে ৩ মার্চ মুক্তি পান তিনি।

অনলাইন ডেস্ক