নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন মমতা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা ভোটের আগে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার কলকাতার কালীঘাটে নিজের বাড়িতে বসে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বিশ্বসেরা বাংলা গড়ার ডাক দেন।
নির্বাচনী ইশতেহারে মূলত শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পের ওপর জোর দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের উন্নয়নে বিরোধীদের অপপ্রচার ও কুৎসা রটনারও সমালোচনা করেন। মমতা দাবি করেন, রাজ্যে ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি মাসের মধ্যেই বাকি ২০ শতাংশ কাজও শেষ হয়ে যাবে। তিনি আরো দাবি করেন, বিরোধীরা অকারণে অপপ্রচার চালাচ্ছে।
মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘আগামী দিনে বাংলার মাটিতে আরো অনেক কাজের লক্ষ্যমাত্রা রয়েছে আমাদের। পশ্চিমবঙ্গে শিল্প, শিক্ষা এবং স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে তৈরি করা হবে নববাংলা।’ তিনি আরো বলেন, ‘এই বাংলার মাটিতে নতুন প্রজন্ম এবং সংখ্যালঘু উন্নয়নকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
সিঙ্গুরের চাষিরা তাদের জমি ফেরত পাবে বলেও আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আদালতে বিচারাধীন হওয়ায় সিঙ্গুর জমি অধিগ্রহণ বিলটি আটকে রয়েছে। তবে সিঙ্গুরের বিচারের রায়ের জন্য আমরা অপেক্ষা করছি। আমরা আশা করি কৃষকরা তাদের জমি ফেরত পাবে এবং যত দিন না তারা জমি ফেরত পাচ্ছে রাজ্য সরকার তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে।
ইশতেহার ঘোষণার পাশাপাশি সিপিএম ও কংগ্রেসকে একযোগে সমালোচনা করে মমতা বলেন, সিপিএম ও কংগ্রেস অনৈতিক জোট। কংগ্রেস তাদের পতাকা সিপিএমের কাছে বিক্রি করেছে। মমতা বলেন, ‘এই রাজ্যে সিপিএমের বি-টিম কংগ্রেস তা আগেই প্রমাণিত। সে কারণেই ৯৮ সালে কংগ্রেস ছেড়ে আমি আলাদাভাবে তৃণমূল কংগ্রেস গঠন করি। তৃণমূলের লড়াই মানুষের জন্য লড়াই। কংগ্রেসের গান্ধীবাদ, সিপিআইএমের মার্কসবাদ, লেলিনবাদ, আদর্শবাদ সব হারিয়ে সিপিএম-কংগ্রেস এখন স্বার্থবাদ নিয়েই ভাবছে।
সিপিএমের ইশতেহারে উন্নয়নের ঘোষণা প্রসঙ্গে মমতা বলেন, এসব আসলে ভূতের মুখে রাম নাম। যাঁরা (সিপিএম) দীর্ঘ ৩৪ বছরে উন্নয়ন করতে পারেনি, তারা কী মুখে এখন উন্নয়নের কথা বলে।
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে তৃণমূল নেত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ মুকুল রায়, সুব্রত বক্সী, কল্যাণ বন্দোপাধ্যায়, সুদীপ বন্দোপাধ্যায়, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় প্রমুখ।
ইশতেহার ঘোষণার সময় মমতা বলেন, আগামী ৮ এপ্রিল দুপুরে কলকাতার ভবানিপুর কেন্দ্র থেকে বিধানসভা ভোটের মনোনয়ন জমা দেবেন তিনি। ভবানিপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি চন্দ্রকুমার বোস।

কলকাতা সংবাদদাতা