হেঁটে নির্বাচনী প্রচারে মমতা
আসন্ন বিধানসভা নির্বাচনে ইশতেহার ঘোষণার পর শনিবার বিকালে ভোট চাইতে নেমে পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে কলকাতা শহরের অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোট প্রচারে নেমে পড়েন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিণ কলকাতার মোমিনপুর থেকে পদযাত্রা শুরু করেন তিনি।
পদযাত্রায় রাস্তার পাশে দাঁড়ানো সবার উদ্দেশে হাত নেড়ে এবং মহিলাদের সঙ্গে করমর্দন করতে করতে এগিয়ে যান মমতা। মোমিনপুর ক্রসিং থেকে ইকবালপুর হয়ে খিদিরপুর মসজিদ মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা হেঁটে তৃণমূল নেত্রীর এ যাত্রা শেষ হয়।
কলকাতা বন্দর কেন্দ্রের প্রার্থী বিদায়ী নগর উন্নয়নমন্ত্রী ফরহাদ হাকিমের সমর্থনে এই পদযাত্রা করেন তৃণমূল নেত্রী। মমতা বন্দোপাধ্যায় ছাড়াও এদিনের এই পদযাত্রায় শামিল হয়েছিলেন ফরহাদ হাকিম, বিদায়ী যুব কল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস, বিদায়ী ফায়ার সার্ভিসমন্ত্রী জাভেদ আহমেদ খান, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, স্থানীয় তৃণমূল কাউন্সিলর এবং দলের নেতা-নেত্রীসহ অসংখ্য সাধারণ মানুষ। মিছিলে প্রত্যেকের হাতেই ছিল দলীয় পতাকা এবং নানা রঙের ফেস্টুন ও পোস্টার।
এদিনে মমতার মিছিলের যাত্রাপথের একটা বড় অংশ ছিল সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় ভুক্ত এলাকা। আর স্বভাবতই এই পদযাত্রায় উপস্থিত ছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ ও নারীরা।

কলকাতা সংবাদদাতা