বিজেপিকে ‘দেশদ্রোহী’, ক্ষমতালোভী বললেন কেজরিওয়াল
বিজেপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। ছবি : আইবিএন লাইভ
ভারতে কেন্দ্রের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমালোচনায় মুখর হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। তিনি বিজেপিকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, দেশদ্রোহী ও ক্ষমতালোভী বলেছেন। উত্তরাখন্দে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির দিকে ইঙ্গিত করে গতকাল শনিবার এই টুইটার-বার্তায় কেজরিওয়াল এই মন্তব্য করেন।
আইবিএন লাইভ জানিয়েছে, বিজেপির পাশাপাশি দলটির কয়েকজন নেতারও সমালোচনা করেছেন কেজরিওয়াল। প্রভিডেন্ট ফান্ড ও স্বর্ণকারদের ওপর ট্যাক্স বসানোয় ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির নিন্দা করেন তিনি।
এর আগে বিজেপির কারণেই চলতি বছরের জানুয়ারিতে অরুণাচল প্রদেশে কিছু সময়ের জন্য প্রেসিডেন্ট রুল জারি হয়। কেজরিওয়ালের মতে, প্রেসিডেন্ট রুল ‘সংবিধানকে হত্যা’র মতোই।

অনলাইন ডেস্ক