‘দীর্ঘ সময়ের যুদ্ধের জন্য প্রস্তুত ইরান’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ সময়ের যুদ্ধের জন্য নিজেরা প্রস্তুত বলে জানিয়েছে ইরান।
আজ সোমবার (২ মার্চ) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান মার্কিন ও ইসরায়েলিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য সবধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। খবর বার্তা সংস্থা এএফপির।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের মতো নয়, ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে রেখেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা নিহত হন। এর জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যুদ্ধ পরিস্থিতির কারণে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
খামেনির মৃত্যুর পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী পরিষদ গঠন করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক