কলকাতায় বাংলা নববর্ষ উদযাপন
কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। এ উপলক্ষ্যে একটি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলা ও বাঙালির প্রাণের মেলাকে কেন্দ্র করে উপদূতাবাস প্রাঙ্গণে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। মেলাতে নাগরদোলা, পুতুল নাচ, হাওয়াই মিঠাই, খিচুড়ি, ঝালমুড়ির ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে নানা ধরনের পিঠাপুলি, বাতাসা ও মোয়া রাখা হয়।
মেলা ছাড়াও নববর্ষ উপলক্ষ্যে আয়োজন করা হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।
অনুষ্ঠানে বাংলাদেশ উপদূতাবাসের উপরাষ্ট্রদূত জকি আহাদ বলেন, ‘মোঘল সম্রাট আকবর বাংলা সন চালু করেন, যা কালের বিবর্তনে বাঙালির ঐতিহ্যগত উৎসবে পরিণত হয়ে গিয়েছে। আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে। এই ঐতিহ্যের মাধ্যমেই অপসংস্কৃতিকে দূরে সরিয়ে রাখতে হবে।’
জকি আহাদ আরো বলেন, ‘পহেলা বৈশাখে আবহমান বাঙালি তাঁদের চিরাচরিত সংস্কৃতিকে লালন করে আমাদের জাতীয়তাবাদ ও চেতনাকে আরো শাণিত করা যায়। পহেলা বৈশাখ বাঙালির প্রকৃত সত্তাকে বিকশিত করে। বাঙালির বাংলা নববর্ষের আবেদন চিরন্তন এবং বাংলা নববর্ষ আজ বিশ্ববাসীর কাছে সমাদৃত।’

কলকাতা সংবাদদাতা