সমর্থককে বিমান বসুর ঘুষি!
একে তো ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর গরম, তার ওপর ভোটের হাওয়া। তার চেয়েও বড় কথা, এবারের ভোটে ক্ষমতা ফিরে পাওয়া যাবে কি না তা নিয়ে দুশ্চিন্তা। এমন অবস্থায় দাঁড়িয়ে কেউ যদি সেলফি তোলার বায়না করে তাহলে কি আর মেজাজ ঠিক রাখা যায়?
সে জন্যই তো প্রিয় নেতার সঙ্গে সেলফি তোলার জন্য পকেটের মোবাইল বের করতেই এক অনুসারীর নাক-মুখ বরাবর সজোরে ঘুষি চালিয়ে দিলেন পশ্চিমবঙ্গ বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
সে সময় বিমান বসুর পরণে ছিল ধুতি আর পাঞ্জাবি। তাতে কি! একেবারে পাকা বক্সারের মতো হাতের মুঠি পাকিয়ে নিজের দলের এক সমর্থককে ঘুষি মারলেন ৭৬ বছর বয়সী এই নেতা।
বেচারা সমর্থকের অপরাধ একটাই, বিমান বাবুর সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন তিনি। কিন্তু এর জন্য যা খেসারত দিতে হয়েছে, তারপর আর সেই সমর্থককে ওই চত্বরে দেখাই যায়নি।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে পশ্চিমবঙ্গের চলতি বিধানসভা নির্বাচনের জন্য হুগলি জেলার তারকেশ্বর বিধানসভার জয়কৃষ্ণ বাজারে প্রচারে গিয়েছিলেন বিমান বসু। সেখানকার বাম-কংগ্রেস জোট প্রার্থী স্থানীয় সুরজিত ঘোষের প্রচার মিছিলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন সবাই। মাথার ওপর গনগনে সূর্য। গরমের মধ্যে দরদর করে ঘামছেন নেতাকর্মীরা। এমন সময় বামফ্রন্টের এক সমর্থক বিমান বসুর পাশে এসে একেবারে তাঁর গা ঘেঁষে দাঁড়ালেন। তারপর একখানা সেলফি তোলার জন্য পকেট থেকে মোবাইল বের করে হাতটা বাড়িয়েছেন। হঠাৎই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ওই সমর্থকের নাক-মুখ বরাবর ঘুষি মারেন তিনি।
এ ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন উপস্থিত নেতাকর্মীরা। দ্রুত সবাই মিলে শান্ত করার চেষ্টা করেন বর্ষীয়ান এই বাম নেতাকে।
কিছুক্ষণ পর অবশ্য বিমান বসু কিছুটা শান্ত হলেও ওই মিছিলে আর খুঁজে পাওয়া যায়নি সেলফি তুলতে আসা সেই সমর্থককে। সেলফি তো দূরের কথা, বিমানবাবুর হাতের ঘুষি খেয়ে ততক্ষণে সোজা বাড়ির পথ ধরেছেন তিনি।

কলকাতা সংবাদদাতা