ভোট কেন্দ্রে রুপার দিদিগিরি!
পশ্চিমবঙ্গর বিধানসভার চতুর্থ দফা নির্বাচন চলছে আজ। সকাল থেকে বেলা যতই বেড়েছে, ততই বেড়েছে বিক্ষিপ্ত সহিংসতা, ছাপ্পা ভোট, বুথ জ্যামসহ নানা অভিযোগের ঘটনা। আর সেই সব ঘটনা জানার পরেই রীতিমতো সশরীরে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে দিদিগিরি চালালেন হাওড়া উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী ও অভিনেত্রী রুপা গাঙ্গুলী।
ভোট কেন্দ্রে ঢুকে রীতিমতো দিদিগিরির ঢঙে বুথ জ্যামের অভিযোগ তুলে ভোটারদের লাইনে গিয়ে এক নারী ভোটারকে মারধর করেন রুপা গাঙ্গুলী। এরপর বুথের মধ্যে ঢুকে শাসক তৃণমূল এবং সিপিএম, কংগ্রেসের পোলিং এজেন্টদের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন তিনি। বুথের মধ্যে ঢুকে নিজের মোবাইলে ছবি তুলে অফিসারদের ধমক দেন তিনি।
আজ সকালে হাওড়া উত্তরের শ্রীকৃষ্ণ বালিকা বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে এক নারী ভোটারকে মারধর করার অভিযোগ ওঠে বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী রুপা গাঙ্গুলীর বিরুদ্ধে। জানা যায়, তিনি ভুয়া ভোটার ও বুথ জ্যামের অভিযোগ পেয়ে সেখানে যান। তারপর মেজাজ হারিয়ে এক নারী ভোটারকে মারধর করেন তিনি। এই ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে অবশ্য তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। এই ঘটনায় রুপা গাঙ্গুলীর বিরুদ্ধে হাওড়ার মালিপাচঘরা থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
ভোটদানের জন্য লাইনে দাঁড়ানো নারী ভোটারকে মারধর করার অভিযোগে রুপা গাঙ্গুলীর সম্পর্কে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে রুপার গতিবিধি সম্পর্কেও পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট চেয়েছে কমিশন।

উত্তর হাওড়ার বিভিন্ন কেন্দ্রে গিয়ে বচসা ও অশান্তির বাতাবরণ তৈরি করায় রুপা গাঙ্গুলীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন তাঁর প্রতিদ্বন্দ্বী তথা এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। তৃণমূলের তরফে রুপা গাঙ্গুলীর বিরুদ্ধে বুথের ভেতর ঢুকে মোবাইলে ছবি তোলা, বিরোধী এজেন্টদের শাসানিসহ ভোটের লাইনে দাঁড়ানো এক নারী ভোটারকে মারধর করার অভিযোগ এনেছে তৃণমূল।
রুপা গাঙ্গুলীর অভিযোগ, হাওড়ার একাধিক জায়গায় বুথ জ্যাম ও ছাপ্পা ভোট চলছিল। এ ছাড়া এদিন তিনি উত্তর হাওড়ার একাধিক বুথে নানা অভিযোগ পেয়ে যান। হাওড়ার বামনগাছিতে ছাপ্পা ভোটের অভিযোগ তুলে তিনি শাসক দল তৃণমূলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।
আজ সকাল থেকেই রুপা গাঙ্গুলী যে যে কেন্দ্রে যান, সেখানেই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। এদিন তিনি বিভিন্ন বুথের মধ্যে ঢুকে শাসক দল তৃণমূলের পোলিং এজেন্টসহ বিরোধী এজেন্টদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। রীতিমতো আঙুল উঁচিয়ে তিনি শাসানি দেন, ‘আমি ছাপ্পা ভোটের অভিযোগ পেয়েই আসতে বাধ্য হয়েছি। আপনাদের জন্যই আসতে হচ্ছে আমাকে।’

কলকাতা সংবাদদাতা