ব্যাংকে ভিখারির স্থায়ী আমানত দুই কোটি!
মৃত্যুর পর কনকলতা নামের এক ভিক্ষুকের শেষকাজ করা হয়েছে প্রতিবেশীদের কাছে চাঁদা তুলে। অথচ তাঁর ঘর থেকেই নাকি পাওয়া গেল দুই কোটি রুপির স্থায়ী আমানতের (ফিক্সড ডিপোজিট) প্রমাণপত্র। ঘটনাটি ভারতের রাজস্থান রাজ্যের আজমিরের নাল্লাবাজার এলাকার।
আজমিরের নাল্লাবাজার এলাকায় স্থানীয় একটি মন্দিরের পাশে ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন প্রেমনারায়ণ ও কনকলতা নামের এক নিঃসন্তান দম্পতি। কয়েক মাস আগে রোগে ভুগে মারা যান কনকলতার স্বামী প্রেমনারায়ণ। তার পর থেকে একাই ওই ঘরে থাকতেন কনকলতা।
স্বামীর মৃত্যুর পর চরম অন্ধকার নেমে আসে কনকলতার জীবনে। প্রতিবেশীদের কাছে থেকে ভিক্ষা করে কোনোরকমে দিন কাটছিল তাঁর। সত্তর পেরোনো সেই কনকলতা গত বৃহস্পতিবার মারা যান। এর পর এলাকার মানুষ চাঁদা তুলে কোনোরকমে তাঁর শেষকাজ সম্পন্ন করেন।
এর কয়েক দিন পর স্থানীয় ওই মন্দিরের পুরোহিত ও এলাকার বাসিন্দারা মৃত কনকলতার ঘরের দরজা খোলেন। দরজা খুলতেই খাটের নিচে পাওয়া যায় একটি লোহার বাক্স। আর সেই বাক্সের ভেতর থেকেই উদ্ধার হয় দুই কোটি রুপির ফিক্সড ডিপোজিটের প্রমাণপত্র।
এর পর প্রতিবেশীদের উদ্যোগে সেই ফিক্সড ডিপোজিটের প্রমাণপত্র জমা দেওয়া হয় সংশ্লিষ্ট একটি ব্যাংকে। কিন্তু সমস্যা বেঁধেছে সেখানেই। মৃত কনকলতার কোনো নমিনি না থাকায় এবং তাঁর কোনো সন্তান না থাকায় ওই ফিক্সড ডিপোজিটের অর্থ কাকে দেওয়া হবে, তা নিয়েই এখন সংকটে পড়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

মনোজ বসু, কলকাতা