১০৩ বছর বয়সে জীবনে প্রথম ভোট!
জীবনে প্রথমবার ভোটটা দিলেন সদ্য বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা মুহাম্মদ আসগর আলী। তাও আবার ১০৩ বছর বয়সে। এত দিনে গিয়ে এই প্রথম নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তিনি।
স্বাধীনতার পর ৬৮ বছর কেটে গেলেও ছিটমহলের বাসিন্দারা ভারতীয় নাগরিকত্ব পান গত বছরে। এরপর এই প্রথম বিধানসভা ভোটের মতো গুরুত্বপূর্ণ ভোটে নিজেদের মত দান করলেন তাঁরা। তাঁর মধ্যে শতবর্ষ পেরোনো অসগর আলীও রয়েছেন।
১৯১৩ সালের ১ জানুয়ারি জন্ম হয় অসগর আলীর। সম্ভবত তিনি এই রাজ্যের সবচেয়ে বয়স্ক ভোটার যিনি এবারের বিধানসভা ভোটে নিজের মত দান করলেন। এদিন নিজের ছোট ছেলে বিলাল হোসেন ও নাতি জয়নাল আবেদিনের সঙ্গে গিয়ে ভোট দিয়ে এসেছেন তিনি।

জি নিউজের খবর অনুযায়ী, নির্বাচন কমিশনের বিশেষ গাড়িতে করে ভোট দিতে যান এঁরা। ৬৮ বছর ধরে এই পরিবারটা রয়েছে ভারত-বাংলাদেশের সীমান্তের ছিটমহলে। দীর্ঘদিন ধরে এই ছিটমহলের মানুষদের কোনো ভোটাধিকার দেওয়ার জায়গা ছিল না। গত বছর থেকে অবশ্য এই রীতি বদলেছে। ভারতে ভোটাধিকার দেওয়া হয়েছে ১৫ হাজার ৭৮৬ জনকে। এঁদের মধ্যে নয় হাজার ৭৭৬ জন ভারতীয় ভোটার। এঁরা জীবনে প্রথমবার ভোট দিচ্ছেন ৪১টি বুথে।
ভোট দেওয়া শেষে অশীতিপর আসগর আলী ধন্যবাদ জানিয়েছেন আল্লাহকে। কারণ তাঁর ইচ্ছেতেই এসব সম্ভব হয়েছে। এমনটাই জানিয়েছেন অসগর আলী।

অনলাইন ডেস্ক