বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ অবসানের আলোচনা কোনো সুনির্দিষ্ট ফলাফলে পৌঁছানো নিয়ে বিনিয়োগকারীদের মাঝে সংশয় তৈরি হয়েছে। তেহরানের ইউরেনিয়াম মজুত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির অবরোধ তুলে নেওয়া নিয়ে দুই দেশের মধ্যে তীব্র অচলাবস্থা তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। খবর আলজাজিরার।
আজ শুক্রবার (২২ মে) সকালের লেনদেনে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ২ দশমিক ৩৮ ডলার বা ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০৪ দশমকি ৯৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমকি ৭৩ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৮ দশমিক ০৮ ডলারে কেনাবেচা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার বিনিয়োগকারীদের মাঝে সমঝোতার এক ধরণের আশা তৈরি হওয়ায় উভয় বেঞ্চমার্কেই জ্বালানি তেলের দাম প্রায় ২ শতাংশ কমে গিয়েছিল, যা ছিল বিগত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মূল্য। তবে গতকালের সেই দরপতনের পর আজ বাজার খোলার সঙ্গে সঙ্গেই দাম পুনরায় ঊর্ধ্বমুখী হয়।

এনটিভি অনলাইন ডেস্ক