বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর কিছুটা কমেছে। মূলত বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার (প্রফিট টেকিং) প্রবণতা ও মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষার কারণেই বাজারে এই দরপতন দেখা গেছে। খবর রয়টার্সের।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালের লেনদেনে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২৪.৪২ মার্কিন ডলারে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের আগামী ডিসেম্বরের ডেলিভারির জন্য গোল্ড ফিউচার্সের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৩.০০ ডলারে লেনদেন হচ্ছে। একই সময়ে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভার বা রুপার দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩.২২ ডলারে নেমেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম প্রতি আউন্স ১ হাজার ৫৭৭.৫৭ ডলারে স্থির থাকলেও প্যালাডিয়ামের দাম ০.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৯.১৬ ডলারে।
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত ইরানের ওপর নতুন কোনো সামরিক হামলা না চালানোর ইঙ্গিত দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা শিথিল হওয়ায় তেলের দরপতন ঘটেছে, যা যুক্তরাষ্ট্রের ডলারের মান, মূল্যস্ফীতি এবং সুদের হারের পূর্বাভাসের ওপর ইতিবাচক প্রভাব ফেলছে। তবে সামগ্রিক বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের বাজার এখনও একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করছে।
অন্যদিকে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারণ নিয়ে বাজারে বেশ সচেতনতা কাজ করছে। রিচমন্ড ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট টম বার্কিন জানিয়েছেন, মূল্যস্ফীতি এখনও বড় ঝুঁকি হিসেবে থাকায় মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের উচিত সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া।
শিকাগো মার্চেন্টাইল এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা আগামী ডিসেম্বরের বৈঠকে ফেড কর্তৃক সুদের হার বৃদ্ধির ৮৪ শতাংশ সম্ভাবনা দেখছেন। সাধারণত সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বিনিয়োগকারীদের কাছে কিছুটা কমে যায়।

এনটিভি অনলাইন ডেস্ক