মুঠোফোন হারিয়ে তরুণীর আত্মহত্যা!
মুঠোফোন হারিয়ে অনেকের মন খারাপ হয়, অনেকে বিমর্ষ হয়ে পড়েন, পুলিশের শরণাপন্ন হন। কিন্তু আত্মহত্যার ঘটনার কথা এই প্রথমবার শোনা গেল।
ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদের জাহানুমায় এ ঘটনা ঘটেছে। মুঠোফোন হারানোর জন্য মায়ের বকুনি খেয়ে আত্মহত্যা করেছেন ২৮ বছর বয়সী এক তরুণী।
টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, নিহত সুলতানা বেগম জাহানুমার শালিবান্দায় এক বিউটি পার্লারে রূপ বিশেষজ্ঞের কাজ করতেন। কয়েক বছর আগে বাবার মৃত্যুর পর থেকে তিনি তাঁর মা জুবিয়ানা বেগমের সঙ্গেই থাকতেন। এক মাস আগে তিনি একটি মুঠোফোন কেনেন। গত বুধবার তিনি ওই মুঠোফোনটি হারিয়ে ফেলেন। এই খবর শুনে তাঁর মা তাঁকে অনেক গালমন্দ করেন।
বুধবার রাতে প্রবল বৃষ্টিপাতের পর বিদ্যুৎ চলে যায়। মা ও মেয়ে দুজনেই ঘরের বাইরে বসে ছিলেন। সুলতানা তাঁর মাকে বাইরে রেখে ঘরে ভেতরে যান।
ফালাকনুমার পরিদর্শক কে এম কিরণ কুমার বলেন, যখন বিদ্যুৎ আসে তখন ঘরে ঢুকে জুবিয়ানা সিলিং ফ্যানের সঙ্গে সুলতানার ঝুলন্ত লাশ দেখতে পান।
পরিদর্শক জানান, ময়নাতদন্ত শেষে সুলতানার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ এ ঘটনা তদন্ত করছে।

অনলাইন ডেস্ক