মসলা জাদুঘর!
পৃথিবীতে কত রকম জাদুঘর আছে। প্রাচীন নিদর্শনের জাদুঘর, অস্ত্রের জাদুঘর, পোশাকের জাদুঘর আরো কত কী? এবার ভারতে প্রথমবারের মতো স্থাপিত হচ্ছে মসলার জাদুঘর। দেশটির কেরালা রাজ্যের কোচিতে এই জাদুঘর তৈরির কাজ চলছে।
এনডিটিভি জানায়, ভারতের মসলা বোর্ড কোচির জাদুঘরটি স্থাপন করছে। এই জাদুঘরে দেশটির মসলাশিল্পের ইতিহাস তুলে ধরা হবে। এখানে প্রদর্শনের জন্য থাকবে প্রচলিত ও দুর্লভ বিভিন্ন মসলা।
জানা গেছে, মসলা জাদুঘরে ৩০টি বেশি ভেষজ গুণসম্পন্ন মসলা রাখা হবে। এসব মসলার উৎপাদন, প্রক্রিয়াজাত, সংরক্ষণ পদ্ধতি ও গুণাগুণ সম্পর্কে সাধারণ মানুষকে জানানো হবে। একই সঙ্গে জাদুঘরে থাকবে মসলা সম্পর্কিত বিভিন্ন চিত্রকর্ম, ছবি ও বই। এই জাদুঘর থেকে মসলা কেনারও সুযোগ পাবেন দর্শনার্থীরা।
সম্প্রতি ভারতীয় মসলা বোর্ডের চেয়ারম্যান এ জয়াতিলক মসলা জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই অনুষ্ঠানে তিনি বলেন, জাদুঘরটি হবে গুণসম্পন্ন মসলার তথ্যকেন্দ্র, যা নাবিক ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করবে।
জানা গেছে, মসলা জাদুঘরের জন্য স্থান দিয়েছে কোচিন বন্দর ট্রাস্ট। সেই স্থানে জাদুঘর তৈরির কাজ চলছে।

অনলাইন ডেস্ক