যুদ্ধবিরতি লঙ্ঘনের ‘চূড়ান্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের
চলমান শান্তি আলোচনার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ইরান। এ ঘটনার পরিপ্রেক্ষিতে যেকোনো সময় পাল্টা এবং ‘চূড়ান্ত জবাব’ দিতে নিজেদের প্রস্তুত ঘোষণা করেছেন ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সৈয়দ মজিদ মুসাভি। খবর আল জাজিরার।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মুসাভি চলমান কূটনৈতিক প্রচেষ্টার তীব্র সমালোচনা করে বলেন, ‘শত্রুর সঙ্গে আলোচনা বা সমঝোতা করা মানেই হলো শুধু লোকসান।’
ইরানের কৌশলগত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন কর্মসূচির মূল দায়িত্বে রয়েছে এই বিমান বাহিনী। বাহিনীর সার্বিক প্রস্তুতি নিয়ে মুসাভি জানান, তাদের বিমান বাহিনী বর্তমানে ‘অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো সময় একটি চূড়ান্ত ও দ্রুত জবাব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।’ তারা এখন শুধু সশস্ত্র বাহিনীর প্রধানের (কমান্ডার-ইন-চিফ) কাছ থেকে চূড়ান্ত আদেশের অপেক্ষায় আছেন।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে অভিযোগ করা হয়, ইরান সরকারের নিয়ন্ত্রণে থাকা হরমুজগান অঞ্চলের বন্দর আব্বাসে ‘আগ্রাসী কর্মকাণ্ড’ চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

এনটিভি অনলাইন ডেস্ক