বানর ধরতে গাছে বিশাল বাঘ
ছোট একটি গাছে বাঘ উঠেছে। উদ্দেশ্য, সেখানে থাকা বানর ধরা। গাছের ওপর থেকে বানর যতই বাঁদরামি করুক, বাঘের উপস্থিতিতে এটি একেবারে কোণঠাসা। শেষ পর্যন্ত হালকা বানর পার পেলেও গাছের শাখা থেকে বাঘ ধরনিপপাত। ঘটনাস্থল ভারতের উত্তরাখন্ড রাজ্যের জিম করবেট সাফারি পার্ক। আর পুরো ঘটনার ভিডিও করেন এক দর্শনার্থী।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভ্রমণ ও বিনোদনবিষয়ক পেজ ‘করবেট ওয়াইল্ড ভেনচার’-এ সম্প্রতি উল্লিখিত ভিডিওটি প্রকাশিত হয়েছে। যেখানে বিশাল শরীরের এক বাঘকে গাছে উঠে বানর ধরতে দেখা যায়। ভিডিওটি এরই মধ্যে ফেসবুকে বেশ সাড়া ফেলেছে।
ভিডিওতে দেখা যায়, বিশাল বাঘ গাছ বেয়ে একটি শাখার ওপর দাঁড়িয়ে আছে। শাখার একদম শেষপ্রান্তে ঝুলে আছে কোণঠাসা বানর। তবে হালকা শাখার ওপর এগোতে দ্বিধা করছে বাঘ। বাঘ একটু এগোতেই হালকা শরীরের বানর লাফিয়ে চলে গেল আরেক শাখায়। তবে ভারসাম্য রাখতে পারল না ভারী বাঘ। শাখা ধরে ঝুলতে ঝুলতে এটি পড়ে গেল মাটিতে।
এনডিটিভি জানায়, ভারী শরীরের বাঘ সাধারণত গাছে চড়ে না। শুধু তীব্র ক্ষুধা পেলেই বাঘের মধ্যে এমন পদক্ষেপ নিতে দেখা যায়। ভিডিওতে দেখানো বাঘটিও হয়তো ক্ষুধার কারণেই গাছে উঠে বানর ধরতে চেয়েছিল। তবে পড়ে গিয়ে ব্যথা পেলেও খাবারের সংস্থান হয়নি বাঘটির।
গাছে বানর ও বাঘের ভিডিও দেখুন :

অনলাইন ডেস্ক