বিশ্বভারতীর ক্যাম্পাসে সিবিআই!
রবিঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের বিশ্বভারতী ক্যাম্পাসে এবার হানা দিল সিবিআই। চার সদস্যের একটি সিবিআই দল আজ মঙ্গলবার দুপুরে বিশ্বভারতী ক্যাম্পাসে পৌঁছায়। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য স্বপন কুমার দত্তকে জিজ্ঞাসাবাদ করে। খতিয়ে দেখে বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগের বেশ কিছু তথ্য।
জানা গেছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সুশান্ত দত্তগুপ্তের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করতেই আজ মূলত বিশ্বভারতীর ক্যাম্পাসে যান এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।
উল্লেখ্য, গত বছরের শুরুতেই বিশ্বভারতীর সাবেক উপাচার্য ড. সুশান্ত দত্তগুপ্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নথি খতিয়ে দেখেন গোয়েন্দারা। দুর্নীতির অভিযোগ ওঠার পর সুশান্ত দত্তগুপ্তকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়। গত বছর ১ অক্টোবর ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি।
ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত শীতকালীন অধিবেশনে রাজ্যসভায় বিশ্বভারতীতে দুর্নীতির কথা তুলে ধরেন কংগ্রেসের সাংসদ প্রদীপ ভট্টাচার্য। এরপরই উপাচার্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করার নির্দেশ দেয় স্মৃতি ইরানির মন্ত্রণালয়। কমিটির আনা অভিযোগের ভিত্তিতে সুশান্ত দত্তগুপ্তকে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর পাশাপাশি বিশ্বভারতী থেকে বেতন ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে পেনশন তোলার অভিযোগ ওঠে। এ ছাড়া নিয়মবহির্ভূতভাবে নিয়োগের পাশাপাশি আর্থিক অনিয়ম, স্বজনপোষণ, ক্ষমতার অপব্যবহার করে পদ সৃষ্টি, যৌন হেনস্তার ঘটনা ধামাচাপা দেওয়ার মতো বিভিন্ন বিষয়ে অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তদন্তের জন্য এর আগে বিশ্বভারতীতে যান ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা।
গত আগস্ট মাসেই এসব অভিযোগের ভিত্তিতে সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তারপর থেকেই বিশ্বভারতীর সাবেক উপাচার্যের বিরুদ্ধে তদন্তের গতি বাড়তে থাকে।

কলকাতা সংবাদদাতা