নতুন পরীক্ষায় ফেল, আগের ফল বাতিল
নতুন করে নেওয়া পরীক্ষায় ফেল করায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শীর্ষস্থান অধিকারী দুই ছাত্রের ফল বাতিল করা হয়েছে। গত শনিবার ভারতের বিহার স্কুল পরীক্ষা বোর্ড (বিএনইবি) তাদের আগের ফল বাতিল করে।
বিহার বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের পর কয়েকজন শীর্ষস্থান অধিকারী এক টেলিভিশন সাক্ষাৎকারে সাধারণ জ্ঞানের প্রশ্নের ভুল উত্তর দেয়। এতে বিতর্কের সৃষ্টি হয়। ওই বিতর্কের জেরেই গত শুক্রবার বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অধিকারী সৌরভ এবং তাঁর কলেজের সহপাঠী রাহুল কুমারসহ ১৩ জন শীর্ষস্থান অধিকারীর মেধা যাচাইয়ের পরীক্ষা নেওয়া হয়।
বিএসইবির চেয়ারম্যান লকেশ্বর প্রসাদ সিং বলেন, এই পরীক্ষায় ১১ জন শিক্ষার্থী পাস করেছে। কিন্তু বিসুন রায় কলেজের শিক্ষার্থী সৌরভ ও রাহুল ফেল করেছে। তাই তাদের পরীক্ষার আগের ফলাফল বাতিল করা হয়েছে।
ইন্ডিয়া টাইমস জানিয়েছে, শুধু এই দুই শিক্ষার্থীর ফলাফল বাতিলই করা হয়নি, এর সঙ্গে বিহারের বৈশালি জেলার ভগবানপুর এলাকার বিসুন রায় কলেজের নিবন্ধনও বাতিল করা হয়েছে।
সিং বলেন, পরীক্ষায় দুর্নীতির অভিযোগ প্রমাণে উচ্চ আদালতের এক অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত হয়েছে।
অসুস্থতার দোহাই দিয়ে গত শুক্রবারের পরীক্ষায় উপস্থিত হননি একই কলেজ থেকে মানবিক বিভাগে প্রথম স্থান অধিকারী রুবি রায়। তাঁকে পরীক্ষা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তাঁর মেধা নিয়ে সৃষ্টি হওয়া সন্দেহ ঘোচাতে তিনি যদি পরীক্ষায় না বসেন তাহলে তাঁর ফলাফলও বাতিল করা হবে।
সম্প্রতি ইন্ডিয়া টুডে টেলিভিশনে প্রকাশিত সাক্ষাৎকারে রুবি রাষ্ট্রবিজ্ঞান কি?-এই প্রশ্নের জবাবে বলেন, ‘প্রডিগ্যাল সায়েন্স মানে রান্না শেখানোর বিষয়’। বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অধিকারী সৌরভও এ ধরনের একটি সাধারণ প্রশ্নের ভুল উত্তর দিয়েছিলেন। এরপর বিহারে স্কুল শিক্ষাব্যবস্থার গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে।

অনলাইন ডেস্ক