মানুষ খুনের ঘটনায় ১৮ সিংহ গ্রেপ্তার!
ভারতের গুজরাট রাজ্যের ‘গির ন্যাশনাল পার্ক’ অভয়ারণ্যের একটি মানুষখেকো সিংহের খোঁজ করতে গিয়ে সম্প্রতি ১৮টি সিংহকে গ্রেপ্তার করা হয়েছে।
মানুষখেকো সিংহকে শনাক্ত করতে ওই সব সিংহের পায়ের থাবা ও মুখ পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত হলে মূল অপরাধী সিংহকে আজীবন কারাবাস থাকতে হবে চিড়িয়াখানায়। বাকি সিংহরা ফিরে যাবে অভয়ারণ্যে।
আফ্রিকার পর বিশ্বের প্রায় বেশির ভাগ সিংহ ভারতের এই গির অভয়ারণ্যেই থাকে। কিছুদিন আগে এই গির অরণ্যের একটি সিংহ একজন মানুষ হত্যা করে। তার পরেই মানুষখেকো সিংহটির খোঁজে নামে গুজরাটের বন দপ্তর।
গুজরাটের প্রধান বনকর্তা জে এ খান জানান, দুই মাস ধরে ১৮টি সিংহকে আটক করা হয়েছে। এক এক করে তাদের পরীক্ষা করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত মাত্র নয়টি সিংহের পরীক্ষার ফল হাতে এসে পৌঁছেছে। বাকিদের পরীক্ষার কাজ চলছে। তবে খুনি সিংহটিকে এখনো চিহ্নিত করা যায়নি।
প্রধান বনকর্তা জে এ খান আরো জানান, খুব সম্ভবত আটক করা ১৮টি সিংহের মধ্যেই রয়েছে আসল মানুষখেকো সিংহটি। আর সেই সিংহটিকে শনাক্ত করা গেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ভারতের বিশিষ্ট বন্য প্রাণী বিশেষজ্ঞ রুচি দেবী জানান, মানুষখেকো সিংহ শনাক্ত হওয়ার পর প্রাণী বিশেষজ্ঞরা সেই প্রাণীর আচরণ দেখলেই সহজে বুঝে যাবেন। সাধারণত মানুষখেকো সিংহ মানুষের উপস্থিতি টের পেলেই আক্রমণাত্মক হয়ে ওঠে।

মনোজ বসু, কলকাতা