মিনেসোটায় দুই আইনপ্রণেতার ওপর গুলির ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে এক নারী আইনপ্রণেতাকে হত্যা এবং আরেকজন সিনেটরকে গুলির ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দুই দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ।
৫৭ বছর বয়সী ভ্যান্স বোয়েলটারকে স্থানীয় সময় রোববার (১৫ জুন) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যামজি কাউন্টি শেরিফ অফিস। এক বিবৃতিতে তারা বলেন, “অবশেষে শয়তানের মুখোশ উন্মোচিত হলো। নিরলস প্রচেষ্টার পর ঘাতককে আটক করা হয়েছে।” খবর আল জাজিরার।
রোববার রাতে প্রকাশিত অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্ত ভ্যান্স বোয়েলটার ডেমোক্রেটিক পার্টির দুই আইনপ্রণেতা ও তাদের সঙ্গীদের ওপর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা চালান। হামলায় নিহত হন মিনেসোটা স্টেট রিপ্রেজেন্টেটিভ মেলিসা হর্টম্যান এবং তার স্বামী মার্ক হর্টম্যান। গুরুতর আহত হন স্টেট সিনেটর জন এ হফম্যান ও তার স্ত্রী ইভেট।
বোয়েলটার নিজেকে একজন ‘সিকিউরিটি কন্ট্রাক্টর’ হিসেবে পরিচয় দেন এবং তিনি হফম্যানের সঙ্গে একই কর্মসংস্থান উন্নয়ন বোর্ডে কাজ করতেন।
তার বিরুদ্ধে দুইটি হত্যাকাণ্ড এবং দুইটি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
মিনেসোটা গভর্নর টিম ওয়ালজ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান। এক সংবাদ সম্মেলনে ওয়ালজ বলেন, “তোমরা বিপদের দিকে এগিয়ে গিয়েছিলে, মিনেসোটাকে রক্ষা করেছ।”
হর্টম্যানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গভর্নর বলেন, “তিনি ছিলেন আমাদের মূল্যবোধের প্রতিচ্ছবি। এই ভবনের নানান উন্নয়নে তার অবদান ছিল।”
তিনি আরও জানান, সিনেটর হফম্যান ও তার স্ত্রী হামলার পর সেরে উঠছেন এবং তারা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করায় আরও বহু প্রাণ রক্ষা পেয়েছে।
গভর্নর ওয়ালজ যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “এটাই যদি আমাদের রাজনীতির ভবিষ্যৎ হয়, তবে তা খুবই বিপজ্জনক। আমাদের এখনই গণতন্ত্র ও মূল্যবোধের প্রতি নতুন করে অঙ্গীকার করতে হবে।”
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে একাধিক রাজনৈতিক সহিংসতা ঘটেছে। গত জুলাইয়ে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাচনী সমাবেশে গুলিবিদ্ধ হন। ২০২২ সালে ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হামলা চালানো হয় এবং গত এপ্রিল মাসে পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরোর বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ক্রমবর্ধমান সহিংসতার চিত্র ফুটিয়ে তোলে।

এনটিভি অনলাইন ডেস্ক