‘করাচিতে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান’
পাকিস্তানের করাচি রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট চালু করার প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান এই তথ্য নিশ্চিত করেন।
বুধবার (৩ ডিসেম্বর) পাকিস্তানে ফরেন সার্ভিসেস অ্যাকাডেমিতে এক বক্তৃতার ফাঁকে দ্য নিউজ সংবাদপত্রের সঙ্গে কথা বলার সময় ইকবাল হুসাইন এই মন্তব্য করেন। খবর জিও নিউজের।
সম্প্রতি বিদেশি দূতদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে পাকিস্তান ফরেন সার্ভিসেস অ্যাকাডেমি। যেখানে প্রশিক্ষণরত তরুণ কূটনীতিকদের সরাসরি রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনার সুযোগ করে দেওয়া হয়।
ওই অনুষ্ঠানে ফ্লাইটের বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশের হাইকমিশনার বলেন, ‘হ্যাঁ, আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট শুরু করছি। আমাদের জাতীয় বিমান সংস্থা সপ্তাহে তিনটি ফ্লাইট করাচি পর্যন্ত পরিচালনা করবে।’
বিমান চলাচলের রুট প্রসঙ্গে প্রশ্ন করা হলে হাইকমিশনার জানান, ভারতীয় বিমান যেভাবে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারে, ঠিক সেভাবেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলোও ভারতের আকাশসীমার ওপর দিয়ে চলাচল করবে।
তবে সূত্র জানিয়েছে, ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ওপর আরোপিত বিদ্যমান আকাশসীমা নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানি উড়োজাহাজ দিয়ে বর্তমানে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার সম্ভাবনা নেই।
হাইকমিশনার ইকবাল হুসাইন বক্তৃতায় দক্ষিণ এশিয়ার বাণিজ্য, কানেক্টিভিটি এবং সহযোগিতার বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, সীমিত প্রবেশাধিকার, সীমান্ত নিষেধাজ্ঞা ও আঞ্চলিক রাজনীতি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্রমাগত বাধাগ্রস্ত করছে।
হাইকমিশনার বলেন, পাকিস্তান ও বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে, কিন্তু প্রবেশাধিকারের সীমাবদ্ধতাই সবচেয়ে বড় বাধা। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, অতীতে রেলওয়ে সংযোগ দুই দেশের মধ্যে বাণিজ্য সহজ করেছিল। কিন্তু বর্তমানে পাকিস্তানের খেজুর দুবাই হয়ে আঞ্চলিক বাজারে পৌঁছায়। তিনি মনে করেন, সরাসরি প্রবেশাধিকার বাড়লে লাভ বাড়বে এবং কৃষকদের আয় বৃদ্ধি পাবে।
ইকবাল হুসাইন আরও বলেন, দুর্বল ভৌগোলিক সংযোগ হলো দক্ষিণ এশিয়ার অগ্রগতির পথে সবচেয়ে গুরুতর বাধা, যদিও প্রাচীন বাণিজ্যপথ একসময় কাবুল, পেশোয়ার, ঢাকা ও মায়ানমারকে সংযুক্ত করেছিল।
হাইকমিশনার জোর দিয়ে বলেন, কোনো দেশই বিচ্ছিন্নভাবে উন্নতি করতে পারে না। আঞ্চলিক সহযোগিতা হলো এগিয়ে যাওয়ার একমাত্র বাস্তবসম্মত পথ। তিনি বিমসটেকের মতো আঞ্চলিক গোষ্ঠীর গুরুত্ব তুলে ধরেন।

এনটিভি অনলাইন ডেস্ক