ফ্রান্সের ওয়াইন-শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফ্রান্সের ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তিনি বলেন, এতে করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ উদ্যোগে যোগ দিতে বাধ্য হন।
এক সাংবাদিক যখন ট্রাম্পকে জানান ম্যাক্রোঁ এই বোর্ডে যোগ দিতে চান না, তখন ট্রাম্প ব্যাঙ্গাত্মক সুরে বলেন, সে কি তাই বলেছে? আসলে কেউই তাকে চায় না, কারণ সে খুব শিগগিরই ক্ষমতার বাইরে চলে যাবে। খবর রয়টার্সের।
ট্রাম্প আরও বলেন, আমি তার ওয়াইন আর শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাব, তখন সে যোগ দেবে। যদিও যোগ না দিলেও আমার কিছু যায় আসে না।
ফ্রান্সের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র স্থানীয় সময় সোমবার (১৯ জানুয়ারি) জানিয়েছে, এই মুহূর্তে ফ্রান্স এই উদ্যোগে যোগ দিতে চায় না।
কী এই ‘বোর্ড অব পিস’?
ট্রাম্প প্রথম এই ‘বোর্ড অব পিস’ গঠনের প্রস্তাব দেন গত সেপ্টেম্বরে, যখন তিনি গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা ঘোষণা করেন। তবে গত সপ্তাহে বিভিন্ন দেশের নেতাদের পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়েছে, এই বোর্ডের কাজ হবে বিশ্বজুড়ে সংঘাত নিরসনে ভূমিকা রাখা।
রয়টার্সের দেখা একটি খসড়া সনদ অনুযায়ী, প্রায় ৬০টি দেশকে এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে—কোনো দেশ যদি তিন বছরের বেশি সময় সদস্য থাকতে চায়, তাহলে তাকে ১ বিলিয়ন ডলার নগদ দিতে হবে।
রোববার (১৮ জানুয়ারি) বিভিন্ন সরকার এই প্রস্তাবে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। কূটনীতিকরা বলছেন, এই উদ্যোগ জাতিসংঘের কাজকর্মকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
পুতিনকেও আমন্ত্রণ
সোমবার ট্রাম্প আরও জানান, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্প বলেন, ওকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক