‘উট পাসপোর্ট’ চালু করল সৌদি আরব
উট পালন ও বিপণন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে এবং আন্তর্জাতিক বাজারে এর গ্রহণযোগ্যতা বাড়াতে নতুন একটি ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু করেছে সৌদি আরব। দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের এই উদ্যোগের মাধ্যমে উট খাতকে পূর্ণ নিয়ন্ত্রণের আওতায় আনা হবে।
উপমন্ত্রী মনসুর বিন হিলাল আল-মুশাইতি এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই বিশেষ পাসপোর্টে প্রতিটি উটের নাম, জন্মতারিখ, জাত, লিঙ্গ, রঙ এবং জন্মস্থানসহ বিস্তারিত তথ্য নথিভুক্ত থাকবে। সঠিক শনাক্তকরণের জন্য এতে মাইক্রোচিপ নম্বর, পাসপোর্ট নম্বর এবং উটের দুই পাশের ছবি যুক্ত করা হবে।
পাসপোর্টে একটি নির্দিষ্ট ভেটেরিনারি টিকাদান সূচি অন্তর্ভুক্ত থাকবে। যেখানে পশুচিকিৎসকের নাম, স্বাক্ষর ও সিলসহ সব ধরনের টিকাদানের তথ্য স্পষ্টভাবে উল্লেখ করা হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পাসপোর্ট উটের কেনাবেচা, পরিবহণ এবং সরকারি নথিপত্র ব্যবস্থাপনায় কঠোর নিয়ন্ত্রণ নিশ্চিত করবে।
মন্ত্রণালয়ের সর্বশেষ শুমারি অনুযায়ী, ২০২৫ সালের জুন মাস পর্যন্ত সৌদি আরবে মোট উটের সংখ্যা ছিল ২২ লাখ ৩৫ হাজার ২৯৭টি। বিশাল এই প্রাণিসম্পদকে একটি কাঠামোর মধ্যে আনতেই দেশটিতে এই ডিজিটাল ডাটাবেজ বা পাসপোর্ট ব্যবস্থা চালু করা হলো।

কামাল পারভেজ অভি, মক্কা