আপ নেতাকে নিজ গাড়িতে গুলি করে হত্যা
পাঞ্জাবের জালন্ধরে প্রকাশ্য দিবালোকে আম আদমি পার্টির (আপ) নেতা লাকি ওবেরয়কে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জালন্ধরের মডেল টাউন এলাকার একটি গুরুদ্বারের সামনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
প্রাথমিক তথ্যানুযায়ী, লাকি ওবেরয় গুরুদ্বারের সামনে নিজের গাড়িটি পার্ক করে ভেতরে অবস্থান করছিলেন। তখন মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। এ সময় পাঁচটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাকি ওবেরয় আম আদমি পার্টির সক্রিয় নেতা ছিলেন। তার স্ত্রী এর আগে আপের প্রার্থী হিসেবে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও তিনি জয়ী হতে পারেননি। ক্ষমতাসীন দলের একজন নেতা দিনের আলোয় সুরক্ষিত এলাকায় খুন হওয়ায় পাঞ্জাব জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
এই হত্যাকাণ্ডের পর পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সরকারের তীব্র সমালোচনা করেছেন বিরোধী নেতারা। পাঞ্জাব বিধানসভার বিরোধী দলীয় নেতা প্রতাপ সিং বাজওয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে। যদি খোদ সরকারি দলের নেতারাই নিরাপদ না থাকেন, তবে সাধারণ মানুষের আশা কোথায়? পাঞ্জাব আজ ভয় এবং গ্যাং কালচারের কবলে।

এনটিভি অনলাইন ডেস্ক