ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের অংশ নেওয়ার দাবি
ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ তথ্য জানিয়েছেন। একই সময়ে এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, এই হামলায় যুক্তরাষ্ট্রও অংশ নিয়েছে।
এদিকে সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর বিবিসির।
এক বিবৃতিতে কাটজ বলেন, ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হুমকির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, ইরানের পাল্টা হামলার ঝুঁকি রয়েছে।
ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা সব ধরনের বেসামরিক ফ্লাইটের জন্য বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে জনগণকে বিমানবন্দরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। খবর আল জাজিরার।
এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
অপরদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ইরানের রাজধানীতে যে হামলা হয়েছে তা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছাকাছি এলাকায় ঘটেছে।

এনটিভি অনলাইন ডেস্ক