ইরানের প্রতিশোধের লক্ষ্যবস্তু আরব রাষ্ট্রগুলোর মার্কিন ঘাঁটি
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিশাল যৌথ আক্রমণের প্রতিশোধ হিসেবে ইরান উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন সম্পদের ওপর ভয়াবহ পাল্টা হামলা চালিয়েছে। এই নজিরবিহীন আক্রমণে পুরো মধ্যপ্রাচ্যে এক মহাযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। খবর আল জাজিরার।
ইরান সরকার শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ফার্স সংবাদ সংস্থার মতে, বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত—যেখানে মার্কিন সামরিক ঘাঁটি ও সম্পদের আস্তানা রয়েছে, সেগুলোকে লক্ষ্য করেই এই আক্রমণ চালানো হয়েছে।
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, মধ্যপ্রাচ্যে সব ইসরায়েলি ও মার্কিন সামরিক লক্ষ্যবস্তু ‘ইরানি ক্ষেপণাস্ত্রের শক্তিশালী আঘাতে’ বিধ্বস্ত হয়েছে। তারা আরও স্পষ্ট করেছে, ‘শত্রুকে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত এই অভিযান নিরলসভাবে অব্যাহত থাকবে ও সমগ্র অঞ্চলে সমস্ত মার্কিন সম্পদ ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু।’
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হামিদ ঘানবারি আল জাজিরাকে বলেছেন, ইরানের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। তবে বর্তমান সামরিক উত্তেজনার ফলে যে কোনো মানবিক ক্ষতির জন্য তারা দুঃখিত। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাতিসংঘকে দেওয়া এক চিঠিতে জানিয়েছেন, আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত ইরান দ্বিধাহীনভাবে এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে।
মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান
সংযুক্ত আরব আমিরাত : ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় রাজধানী আবুধাবিতে অন্তত একজন নিহত হয়েছে। দুবাইয়ের পাম দ্বীপপুঞ্জের একটি হোটেলের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ও দিনভর একাধিক বিস্ফোরণ শোনা গেছে। দুবাই মিডিয়া অফিস পাম জুমেইরাহ এলাকার একটি ভবনে আগুনের ঘটনায় চারজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
বাহরাইন : রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বাহরাইন সরকার একে ‘রাজ্যের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, একটি ইরানি শাহেদ ড্রোন সদর দপ্তরের কাছে একটি টাওয়ার ব্লকে আঘাত হেনেছে। মানামায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ও উদ্ধার অভিযান চলছে।
কুয়েত : কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আলী আল-সালেম বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যা কুয়েতি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। তবে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছেন ও যাত্রী ভবনের ক্ষতি হয়েছে।
কাতার : কাতার তাদের প্রতিরক্ষা পরিকল্পনা অনুযায়ী আক্রমণ প্রতিহত করার দাবি করেছে। তবে আল জাজিরার তথ্যমতে, উত্তর কাতারে একটি দূরপাল্লার প্রাথমিক সতর্কতা রাডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। কাতার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, তারা সবসময় আঞ্চলিক সংঘাত থেকে দূরে থেকেছে। উল্লেখ্য, গত বছরও কাতার দুবার হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।
সৌদি আরব : সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ইরান রিয়াদ ও দেশের পূর্বাঞ্চলকে লক্ষ্যবস্তু করেছে। সৌদি আরব স্পষ্ট জানিয়েছে, তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড ইরানকে লক্ষ্যবস্তু করার জন্য ব্যবহার করতে দেবে না।
ইরাক : উত্তর ইরাকের এরবিল বিমানবন্দরে দুবার হামলার চেষ্টা চালানো হয়েছে। এর পাশাপাশি বাগদাদের দক্ষিণ-পশ্চিমে কাটায়েব হিজবুল্লাহর সদর দপ্তরে ড্রোন হামলায় দুজন নিহত হয়েছে। এছাড়া জুরফ আল-নাসর সামরিক ঘাঁটিতে দুটি বিমান হামলা হয়েছে। কাটায়েব হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়েছে যে, তারা শিগগিরই আমেরিকান ঘাঁটিতে আক্রমণ শুরু করবে।
পরিবহণ ও সমুদ্রপথ
কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। রয়টার্স জানিয়েছে, তেল রপ্তানির প্রধান রুট হরমুজ প্রণালি বন্ধের বার্তা পেয়েছেন সমুদ্রগামী জাহাজগুলো।
মধ্যস্থতাকারী ওমান
উপসাগরীয় দেশগুলোর মধ্যে একমাত্র ওমানে এখন পর্যন্ত ইরান আক্রমণ করেনি। ওমান দীর্ঘকাল ধরে ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছিল। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি শুক্রবারও শান্তির আশা ব্যক্ত করেছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সেই আলোচনা এখন স্তিমিত। আলবুসাইদি ওয়াশিংটনকে এই যুদ্ধে আর না জড়ানোর আহ্বান জানিয়েছেন।
দোহা থেকে আল জাজিরার জেইন বাসরাভি জানিয়েছেন, গত কয়েক ঘণ্টায় সেখানে অন্তত এক ডজন বিস্ফোরণ শোনা গেছে। তার মতে, আমেরিকা ও ইসরায়েল যেহেতু প্রথম গুলি ছুঁড়েছে, তাই ইরান এখন সবকিছুকেই ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে দেখছে। এদিকে সিরিয়ার সুয়াদায় একটি শিল্প এলাকায় বিস্ফোরণে চারজন নিহতের খবর পাওয়া গেছে।

এনটিভি অনলাইন ডেস্ক