পাল্টা হামলা থেকে বিরত থাকতে ইরানকে ট্রাম্পের কঠোর সতর্কবার্তা
পাল্টা হামলা থেকে বিরত থাকতে ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন। খবর আল জাজিরার।
ট্রাম্প লিখেছেন, ইরান জানিয়েছে তারা আজ খুব শক্তভাবে হামলা চালাবে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা যেন তা না করে। যদি তারা এমন কিছু করে, তাহলে আমরা এমন শক্তি দিয়ে জবাব দেব, যা আগে কখনও দেখা যায়নি।
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই সতর্কবার্তা এসেছে। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।
দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরান তার প্রতিশোধমূলক হামলার পরিধি আরও বিস্তৃত করেছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, জর্ডান, সৌদি আরব ও ইরাকে অবস্থিত ইসরায়েলি ও মার্কিন সামরিক সম্পদ লক্ষ্য করে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ছাড়াও আরও কঠোর হামলার হুমকি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। এরপর পাল্টা জবাব দেয় ইরানও। মধ্যপ্রাচ্যের দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

এনটিভি অনলাইন ডেস্ক