হাতি-গাধার লড়াইয়ে কে জয়ী?
মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচনে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির (প্রতীক গাধা) অভূতপূর্ব জয়রথ দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে (প্রতীক হাতি) পেছনে ফেলে কংগ্রেসের উভয় কক্ষ —উচ্চকক্ষ সেনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে বড় ধরনের জয়ের পথে রয়েছে ডেমোক্র্যাটরা।
আজ বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের লাইভ নির্বাচনি ফলাফলের হালনাগাদ স্ক্রিনশট ও ড্যাশবোর্ড থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিএনএনের প্রকাশিত তথ্যানুযায়ী, ১০০ সদস্যবিশিষ্ট মার্কিন সেনেটে ডেমোক্র্যাটরা ইতোমধ্যে ৫৩টি আসন জয় নিশ্চিত করে উচ্চকক্ষের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়েছে। সেখানে রিপাবলিকানরা পেয়েছে ৪১টি আসন। ডেমোক্র্যাটরা ৭টি আসন প্রতিপক্ষের হাত থেকে ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, এবারের নির্বাচনে লড়াইয়ের বাইরে থাকা অপরিবর্তিত ৩৪টি ডেমোক্র্যাট ও ৩১টি রিপাবলিকান আসনও এই সামগ্রিক হিসেবের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে, নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ৪৩৫টি আসনের চূড়ান্ত লড়াইয়ে ডেমোক্র্যাটরা ইতোমধ্যে ২০৬টি আসন জিতে স্পষ্ট জয়ের পথে রয়েছে। এর মধ্যে ডেমোক্র্যাটরা একাই ২২টি আসন রিপাবলিকানদের হাত থেকে ফ্লিপ বা ছিনিয়ে নিয়েছে। বিপরীতে রিপাবলিকান পার্টির ঝুলিতে এখন পর্যন্ত উঠেছে ১২২টি আসন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং ট্রাম্প প্রশাসনের বিভিন্ন বিতর্কিত নীতি ও পর রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে ভোটারদের এই বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন দেখা গেছে। মধ্যবর্তী এই ফলাফলের ফলে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি ও আইন বাস্তবায়নের পথ মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক