ইসরায়েলি হামলার আশঙ্কায় লেবাননে বাড়িঘর ছাড়ছেন লাখো মানুষ
ইসরায়েলি সেনাবাহিনীর জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ জারির পর লেবাননের বিভিন্ন এলাকা থেকে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছেন। দক্ষিণ লেবাননের পাশাপাশি রাজধানী বেইরুতেও ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিশেষ করে বেইরুতের দাহিয়ে উপশহরের (যেখানে কয়েক লাখ মানুষের বসবাস) পরিস্থিতি সবচেয়ে বেশি অস্থির হয়ে উঠেছে। ইসরায়েল ওই এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর বাসিন্দারা প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দ্রুত নিরাপদ মনে করা জায়গাগুলোর দিকে রওনা হচ্ছেন। খবর আল জাজিরার।
দাহিয়ে অঞ্চলটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ২০২৪ সালের যুদ্ধের সময় এই এলাকায় একাধিকবার ইসরায়েলি হামলা হয়েছিল এবং পরবর্তীতেও কয়েকবার হামলার ঘটনা ঘটে।
২০২৪ সালের নভেম্বর মাসে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও লেবাননের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, ইসরায়েল সেই চুক্তি পুরোপুরি মানেনি এবং হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ পুনরায় অস্ত্র সংগ্রহ করছে এবং লেবাননের রাষ্ট্র তাদের নিরস্ত্র করতে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না।
এদিকে চলমান উত্তেজনার মধ্যে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে, কারণ বর্তমানে রমজান মাস চলছে। সাধারণত এই সময় মানুষ সেহরি খেয়ে রোজা রাখার প্রস্তুতি নেয়। কিন্তু অনেক পরিবারই সেহরির বদলে বোমা হামলার আশঙ্কায় আশ্রয়ের খোঁজে পালাতে বাধ্য হচ্ছে।
স্থানীয়দের ভাষায়, পুরো এলাকায় এখন চরম বিশৃঙ্খলা ও আতঙ্ক বিরাজ করছে।

এনটিভি অনলাইন ডেস্ক