পাকিস্তানে ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করল যুক্তরাষ্ট্র
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানে চরম উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করার ঘোষণা করেছে। আগামী শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। খবর আলজাজিরার।
এর আগে গত রোববার (১ মার্চ) ইরান ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহতের খবরের পর করাচি কনস্যুলেট অবরোধ করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা রক্ষীরা গুলি চালালে অন্তত ১০ জন নিহত হয়। দেশজুড়ে চলমান এই বিক্ষোভে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করে বলেছেন, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে রাষ্ট্রপ্রধানকে লক্ষ্য করে হামলা অত্যন্ত উদ্বেগজনক। উল্লেখ্য, ইরানের সঙ্গে পাকিস্তানের ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত ও গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।
এদিকে ওয়াশিংটন থেকে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সব মার্কিন দূতাবাসে নতুন শিক্ষার্থী ভিসা অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক গোপন বার্তায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কোনো সাক্ষাৎকারের সময় দেওয়া হবে না। তবে যাদের অ্যাপয়েন্টমেন্ট আগে থেকেই নির্ধারিত ছিল, তারা যথাসময়ে সাক্ষাৎকার দিতে পারবেন।
নতুন এই নির্দেশনার আওতায় স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম আরও কঠোরভাবে যাচাই করা হবে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, কারা আমাদের দেশে প্রবেশ করছে, তা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখি এবং তা অব্যাহত থাকবে।

এনটিভি অনলাইন ডেস্ক