মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ বিপর্যয়ের মাঝে সীমিত পরিসরে ফ্লাইট চালু
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যে নজিরবিহীন ভ্রমণ বিপর্যয়ের মাঝে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। ১১ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হওয়ায় আকাশপথে চরম বিশৃঙ্খলা ও দীর্ঘমেয়াদী সংকটের আশঙ্কা রয়েছে। খবর আরজাজিরা।
স্থানীয় সময় সোমবার (২ মার্চ) দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর ‘দুবাই ইন্টারন্যাশনাল’ এবং ‘দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল’ থেকে অল্প কিছু ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। তবে কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করে বলেন, সংশ্লিষ্ট বিমান সংস্থা থেকে সরাসরি নিশ্চিত সময় না পাওয়া পর্যন্ত যেন কেউ ভ্রমণের পরিকল্পনা না করেন।
দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স সোমবার সন্ধ্যা থেকে সীমিত ফ্লাইট শুরুর ঘোষণা দিয়ে জানিয়েছেন, যাদের আগে থেকে বুকিং দেওয়া আছে তারা অগ্রাধিকার পাবেন। অন্যদিকে, আবুধাবিভিত্তিক ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছেন, তাদের বাণিজ্যিক ফ্লাইট বুধবার (৪ মার্চ) পর্যন্ত স্থগিত থাকবে। তবে অনুমতি সাপেক্ষে কার্গো এবং প্রবাসীদের ফিরিয়ে নেওয়ার (রিপ্যাট্রিয়েশন) মতো কিছু ফ্লাইট পরিচালিত হতে পারে।
অন্যদিকে, ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’ তখ্য অনুযায়ী, গতকাল সোমবার আবুধাবি থেকে লন্ডন, আমস্টারডাম, মস্কো ও রিয়াদের উদ্দেশ্যে ইতিহাদের অন্তত ১৬টি ফ্লাইট ছেড়ে গেছে। এছাড়াও মঙ্গলবার (৩ মার্চ) ভোরে দুবাই থেকে ছেড়ে আসা এমিরেটসের দুটি ফ্লাইট ভারতের মুম্বাই ও চেন্নাইতে অবতরণ করেছে। তবে পরিস্থিতির অস্থিরতার কারণে আজ (মঙ্গলবার) সকালে আবুধাবিগামী দুটি ফ্লাইট ওমানের মাস্কাটে ডাইভার্ট করা হয় এবং দুবাইগামী একটি ফ্লাইট মাঝপথ থেকে মুম্বাইয়ে ফিরে যায়।
এভিয়েশন বিশ্লেষক টনি স্ট্যান্টন আলজাজিরাকে বলেন, ইরান সংঘাতের কারণে সৃষ্ট এই বিপর্যয় ভৌগোলিকভাবে কেন্দ্রীভূত হলেও এটি অত্যন্ত ভয়াবহ। কারণ এটি বিশ্বের প্রধান পূর্ব-পশ্চিম আকাশপথকে সরাসরি প্রভাবিত করছে।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে ইরাক, জর্ডান, কাতার ও বাহরাইন তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এভিয়েশন তথ্য সংস্থা ‘সিরিয়াম’ জানিয়েছেন, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ওই অঞ্চলের ১১ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এই অবস্থায় জার্মানি তাদের নাগরিকদের সরিয়ে নিতে সৌদি আরব ও ওমানে বিশেষ চার্টার্ড বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক