ইরানের তেল ডিপোতে ইসরায়েলি হামলা, ফের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি ট্রাম্পের
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এবার প্রথমবারের মতো রাজধানী তেহরানের তেল সংরক্ষণাগার ও পরিশোধনাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব হামলায় তেহরানের বিভিন্ন স্থানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ এর আহ্বান জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নেতৃত্ব আত্মসমর্পণ না করা পর্যন্ত অথবা দেশটির সামরিক সক্ষমতা ভেঙে না পড়া পর্যন্ত যুদ্ধ চলতে পারে।
ট্রাম্পের ভাষায়, যুদ্ধ তখনই শেষ হবে যখন তেহরানের নেতারা পরাজয় স্বীকার করবে অথবা তাদের সামরিক শক্তি অকার্যকর হয়ে যাবে।
অন্যদিকে ইরানের শীর্ষ কর্মকর্তা আলি লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধের মূল্য চুকাতে বাধ্য হবে। তার দাবি, ওয়াশিংটন এই যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে।
এদিকে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের ভূখণ্ডে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। যদিও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান আগে এসব হামলার জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছিলেন যে ভবিষ্যতে এ ধরনের হামলা বন্ধ করা হবে।
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান এই সংঘাতের কারণে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং বিভিন্ন দেশে হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক