মধ্যপ্রাচ্য থেকে ৩০ হাজারের বেশি নাগরিককে সরিয়ে নিল যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে থেকে গত কয়েক দিনে হাজার হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (৮ মার্চ) এক বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, সংঘাত শুরু হওয়ার পর (২৮ ফেব্রুয়ারি) থেকে এ পর্যন্ত প্রায় ৩২ হাজার মার্কিন নাগরিক নিরাপদে যুক্তরাষ্ট্রে ফিরেছেন। খবর আলজাজিরার।
স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা ইতোমধ্যে প্রায় দুই ডজন চার্টার্ড ফ্লাইটের কার্যক্রম সম্পন্ন করেছে। কয়েক হাজার নাগরিককে সরাসরি সরকারি সহায়তায় সরিয়ে নেওয়া হয়েছে। তবে উদ্ধার অভিযানে কিছু নতুন পরিস্থিতির কথাও উল্লেখ করেছে মার্কিন প্রশাসন।
ডিপার্টমেন্টের তথ্যমতে, যারা দেশ ত্যাগের জন্য সরকারের কাছে আবেদন করেছিলেন, তাদের অর্ধেকেরও বেশি মানুষ পরে সরকারি পরিবহণ সেবা প্রত্যাখ্যান করেছেন। তারা হয় ব্যক্তিগত ব্যবস্থাপনায় অন্য কোনো নিরাপদ গন্তব্যে চলে গেছেন, অথবা বর্তমান পরিস্থিতির মধ্যেও ওই দেশগুলোতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের আকাশপথ বর্তমানে বন্ধ অথবা অত্যন্ত সীমিত। এর ফলে সাধারণ বাণিজ্যিক ফ্লাইটগুলো বাতিল হওয়ায় হাজার হাজার মানুষ ওই অঞ্চল থেকে বের হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এই সুযোগে ব্যক্তিগত বিমান পরিচালনাকারী সংস্থাগুলো আকাশচুম্বী ভাড়া হাঁকাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রাচ্য থেকে নিরাপদ স্থানে পৌঁছাতে অনেকে বিপুল অংকের অর্থ খরচ করে ব্যক্তিগত বিমান ভাড়া করছেন।
মার্কিন প্রশাসন জানিয়েছে, দুবাই, রিয়াদ ও কুয়েতের মতো প্রধান শহরগুলোতে নিয়মিত ড্রোন ও মিসাইল হামলার কারণে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে এর মধ্যেও তারা তাদের নাগরিকদের ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক