মোজতবা খামেনির নির্বাচন নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ইসরায়েল
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির ক্ষমতা গ্রহণকে ইসরায়েল কোনো ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছে না; বরং একে পুরোনো শত্রুতারই ধারাবাহিকতা হিসেবে গণ্য করছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে ইরানের নেতৃত্বে যে-ই আসুক না কেন, তাকে হত্যার লক্ষ্যবস্তু করা হবে। খবর আল জাজিরার।
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, `নেতার নাম যা-ই হোক বা তিনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন, ইসরায়েলি বাহিনী তাকে খুঁজে বের করবেই।‘
নেসেটের স্পিকার আমির ওহানাও একই সুরে কথা বলেছেন। তার মতে, ব্যক্তি পরিবর্তন হলেও ইরান শাসনের মৌলিক প্রকৃতি পরিবর্তন হয় না। ফলে ইসরায়েল নতুন নেতৃত্বের সঙ্গেও আগের মতোই কঠোর মোকাবিলা করবে।
ইসরায়েলি নীতিনির্ধারকদের এই অবস্থান থেকে স্পষ্ট যে, তারা মোজতবা খামেনিকে তার বাবার মতোই একজন লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে, যেকোনো সুযোগ পেলেই তার ওপর আক্রমণ চালানোর গোয়েন্দা তথ্য খুঁজছে।
ইসরায়েলি কৌশলবিদরা মোজতবা খামেনির নিয়োগকে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ‘ক্ষয়’ বা ‘দুর্বলতা’র লক্ষণ হিসেবে দেখছেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব যেখানে একটি বংশগত রাজতন্ত্রকে উচ্ছেদ করেছিল, সেখানে সাবেক নেতার পুত্রকে ক্ষমতায় বসানো বর্তমান ব্যবস্থার ‘অস্তিত্বের সংকট’ হিসেবেই বিশ্লেষিত হচ্ছে।
ইসরায়েল এখন খতিয়ে দেখবে এই বংশগত উত্তরাধিকার ইরানি জনগণের মধ্যে নতুন নেতার বৈধতাকে কতটা প্রশ্নের মুখে ফেলে। ইরানি জনগণের এই অসন্তোষকে কাজে লাগিয়ে কোনো সুযোগ নেওয়া যায় কি না, সেটিই এখন ইসরায়েলি সরকারের প্রধান আলোচনার বিষয়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিয়োগের বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও ইসরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ট্রাম্প এই যুদ্ধ শেষ করার সিদ্ধান্তটিকে ‘পারস্পরিক’ হিসেবে বর্ণনা করেছেন।
ট্রাম্প জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন। ট্রাম্পের বলেন, ‘আমরা কথা বলছি, সঠিক সময়েই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
সামগ্রিকভাবে, মোজতবা খামেনির ক্ষমতায় আরোহণ ইরান-ইসরায়েল যুদ্ধের তীব্রতা কমানোর বদলে বরং ইসরায়েলের আক্রমণাত্মক গোয়েন্দা তৎপরতা ও সামরিক পরিকল্পনাকে আরও উসকে দিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক