নেতানিয়াহু জীবিত না মৃত?
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আহত বা নিহত হয়েছেন বলে জল্পনা ছড়িয়ে পড়েছে বিভিন্ন হিব্রু ভাষার গণমাধ্যম ও অনলাইন সূত্রে। তবে এসব তথ্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি কারণে এই গুঞ্জন আরও জোরালো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় তিন দিন ধরে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও প্রকাশ হয়নি এবং প্রায় চার দিন ধরে তার নতুন কোনো ছবি প্রকাশ করা হয়নি। এ সময় তার নামে যে বিবৃতিগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো মূলত লিখিত আকারে এসেছে।
এর আগে নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে প্রতিদিন অন্তত একটি, কখনও কখনও তিনটি পর্যন্ত ভিডিও প্রকাশ করা হতো। কিন্তু গত কয়েক দিনে কোনো ভিডিও প্রকাশ না হওয়ায় বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে।
এছাড়া কয়েকটি হিব্রু সূত্র দাবি করেছে, ৮ মার্চ নেতানিয়াহুর বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে, বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন হামলা ঠেকাতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের ইসরায়েল সফর হঠাৎ বাতিল হওয়ার বিষয়টিকেও কেউ কেউ এই পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন।
অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও নেতানিয়াহুর মধ্যে কথিত এক ফোনালাপের বিষয়ে এলিসি প্রাসাদ যে সংবাদ প্রকাশ করেছে, সেখানে আলাপের নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি—শুধু কথোপকথনের লিখিত বিবরণ দেওয়া হয়েছে।
তবে এসব তথ্য এখন পর্যন্ত কোনো সরকারি সূত্র বা ইসরায়েলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ফলে নেতানিয়াহুর অবস্থা নিয়ে ছড়ানো খবরগুলোকে অপ্রমাণিত জল্পনা হিসেবেই দেখা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক