ইসরায়েলে সাধারণ নির্বাচন অক্টোবরে, নেতানিয়াহুর বড় পরীক্ষা
দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক টানাপোড়েন শেষে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। আগামী ২৭ অক্টোবর দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা ইসরায়েলি আইন অনুযায়ী নির্ধারিত সর্বশেষ সম্ভাব্য তারিখ। এই নির্বাচনকে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য অগ্নিপরীক্ষা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। খবর এএফপির।
আজ রোববার (১২ জুলাই) ইসরায়েলি পার্লামেন্ট থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমান নেসেটের মেয়াদ পূর্ণ হতে চলায় এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ২৭ অক্টোবর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
পার্লামেন্টের বিবৃতিতে আরও বলা হয়েছে, যেহেতু বর্তমান নেসেট তার পূর্ণ মেয়াদ শেষ করবে বলে আশা করা হচ্ছে এবং পরবর্তী সাধারণ নির্বাচন আইন অনুযায়ী নির্ধারিত রয়েছে। তাই আইনসভার মেয়াদ সংক্ষিপ্ত করার কোনো পরিকল্পনা নেই। ফলে প্রথাগত অর্থে নেসেট ভেঙে দেওয়ার কোনো বিশেষ আইন পাস করার প্রয়োজন নেই।
গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক মহলে নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে জিম্মিদের মুক্তি ও যুদ্ধনীতি নিয়ে ইসরায়েলি নাগরিকদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা গেছে। এই বাস্তবতায় অক্টোবরের নির্বাচনটি নেতানিয়াহু সরকারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হতে চলেছে, যেখানে ব্যালট পেপারের মাধ্যমে দেশের জনগণ তাদের রাজনৈতিক নেতৃত্বের ভাগ্য নির্ধারণ করবে।

এনটিভি অনলাইন ডেস্ক