মক্কায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের পবিত্র মক্কায় সড়ক দুর্ঘটনায় মফিজুর রহমান (৬৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজুর রহমান চট্টগ্রাম জেলার পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝের ঘাটা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি গত এক দশকেরও বেশি সময় ধরে জীবিকার তাগিদে মক্কায় কর্মরত ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মক্কায় তারাবির নামাজ আদায় করে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন মফিজুর। পথে একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
প্রবাসে মফিজুর রহমানের এই আকস্মিক মৃত্যুর খবর পটিয়ায় পৌঁছালে তার নিজ গ্রাম মাঝের ঘাটায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি ও গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনরা এখন দিশেহারা।
মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য নিহতের শোকসন্তপ্ত পরিবার সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন।

কামাল পারভেজ অভি, মক্কা