আল-আকসা মসজিদ বন্ধের প্রতিবাদে আট মুসলিম দেশের নিন্দা
পবিত্র রমজান মাসে টানা ১২ দিন ধরে আল-আকসা মসজিদ বন্ধ রাখার ইসরায়েলি সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিসর ও সংযুক্ত আরব আমিরাত। স্থানীয় সময় বুধবার (১১ মার্চ) এক যৌথ বিবৃতিতে এই আটটি আরব ও ইসলামি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। খবর আল জাজিরার।
বিবৃতিতে মন্ত্রীরা উল্লেখ করেন, জেরুজালেমের পুরাতন শহর ও পবিত্র উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দেওয়া আন্তর্জাতিক মানবিক আইন এবং ঐতিহাসিক স্থিতাবস্থার পরিপন্থি। তাদের দাবি-
অধিকৃত জেরুজালেম বা এর ইসলামি ও খ্রিষ্টীয় পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।
আল-আকসা মসজিদের পুরো এলাকাটি ‘একচেটিয়াভাবে’ মুসলমানদের জন্য ও এর রক্ষণাবেক্ষণের আইনি এখতিয়ার কেবল জর্ডানের আওকাফ ও ইসলামি বিষয়ক মন্ত্রণালয়ের।
আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইসরায়েলকে এই ‘চলমান লঙ্ঘন’ বন্ধ করতে বাধ্য করতে হবে।
ইসরায়েলি বাহিনী দাবি করেছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রেক্ষিতে ‘নিরাপত্তা’ নিশ্চিত করতে তারা এই কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। তবে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে ফিলিস্তিনিদের অধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।
অন্যদিকে, হামাস এই ঘটনাকে একটি ‘বিপজ্জনক ঐতিহাসিক নজির’ ও উপাসনার স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে নিন্দা জানিয়েছে।
রমজানের এই সময়ে আল-আকসার গেটগুলো বন্ধ করে দেওয়া মুসলিম বিশ্বে চরম ক্ষোভের সৃষ্টি করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক