সংঘাতের ভিডিও প্রচারের দায়ে আমিরাতে গ্রেপ্তার ১০
সংযুক্ত আরব আমিরাতের চলমান সংঘাত ও ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার অভিযোগে বিভিন্ন দেশের ১০ জন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পাবলিক প্রসিকিউটর এই গ্রেপ্তারের নির্দেশ দেন। খবর আল জাজিরার।
আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (ডব্লিওএএম) জানিয়েছে, অভিযুক্তরা আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা বা ক্ষেপণাস্ত্র হামলার প্রকৃত ভিডিওর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা বিভিন্ন ‘ভুয়া’ ভিডিও প্রচার করছিল। এসব বানোয়াট ভিডিওতে আমিরাতের গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দৃশ্য দেখানো হয়েছে।
পাবলিক প্রসিকিউটর বলেছেন, আসল হোক বা বানোয়াট—এ ধরনের ভিডিও প্রকাশ জননিরাপত্তাকে বিঘ্নিত করে ও ‘শত্রু পক্ষ’কে সরকারের প্রতি জনমনে অনাস্থা তৈরির সুযোগ করে দেয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জননিরাপত্তায় আঘাত ও সন্ত্রাস ছড়ানোর দায়ে সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড ও এক লাখ দিরহাম জরিমানা হতে পারে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত খার্গ দ্বীপে ইরানি সামরিক লক্ষ্যবস্তুগুলো মার্কিন বাহিনী ধ্বংস করে দিয়েছে। পরবর্তী লক্ষ্যবস্তু হিসেবে তেল অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে নিহতের সংখ্যাে এক হাজার ৪৫০ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ৭৭৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১০৩ জন শিশু ও ১২ জন চিকিৎসক রয়েছেন।
লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে কাতার ও বাহরাইনসহ প্রতিবেশী দেশগুলো তাদের নাগরিকদের এলাকা ছাড়ার বা নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক