তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েল, ইরাক এবং কুয়েতে অবস্থিত তিনটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, তাদের নিক্ষেপ করা ভারী ক্ষেপণাস্ত্র তেলআবিবের শিল্পাঞ্চলে আঘাত হেনেছে। এর ফলে শহরজুড়ে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা গেছে এবং হতাহত বাড়ছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করেছে। খবর আল জাজিরার।
বিবৃতিতে আরও দাবি করা হয়, ইরাকের এরবিল শহরের হারির বিমানঘাঁটি এবং কুয়েতে যুক্তরাষ্ট্রের সেনা থাকা আলি আল সালেম ও আরিফজান ঘাঁটি শক্তিশালী ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ধ্বংস করা হয়েছে।
তবে এসব হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ বিমান হামলা শুরু করে। ওই হামলায় এখন পর্যন্ত প্রায় ১৩০০ জন নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
এর জবাবে ইরান ইসরায়েল, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ তুললেও তেহরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক