যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ২০২ শিশু ও ২২৩ নারী নিহত : তেহরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত ২২৩ নারী ও ২০২ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে তিনজন গর্ভবতী নারী এবং পাঁচ বছরের কম বয়সী ১২ শিশু রয়েছে। এছাড়া হামলায় ৪১ জন শিশু আহত হয়েছে। খবর আনাদোলুর।
ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে জানানো হয়, হামলার ফলে ইরানের স্বাস্থ্যখাতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। দেশজুড়ে ১৫৩টি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করার পর থেকে সংঘাত তীব্র আকার ধারণ করে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রায় ১২০০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এর জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বেড়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক