মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, তেলআবিবজুড়ে সাইরেন
ইসরায়েলের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্য ইসরায়েলে দুটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে নাকি ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর আল জাজিরার।
ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় মধ্য ও দক্ষিণ ইসরায়েল জুড়ে উচ্চ সতর্কবার্তা বা সাইরেন জারি করা হয়। ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আঘাতের ঘটনা ঘটেছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে টাইমস অফ ইসরায়েল দেশটির উদ্ধারকারী সংস্থার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মধ্য ইসরায়েলে অন্তত দুটি স্থানে আঘাতের খবর নথিভুক্ত করা হয়েছে। সেখানেও তাৎক্ষণিকভাবে কোনো আহতের তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেল আবিবের পার্শ্ববর্তী একটি জনবহুল এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। পুরো এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে, কর্তৃপক্ষ আরও তথ্য সংগ্রহ করছে।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা শুরু করার পর থেকেই ইরান পাল্টা আঘাত হেনে আসছে। ইরান কেবল ইসরায়েলি ভূখণ্ডই নয়, বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু করেছে।
তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত বিদেশি আগ্রাসন বন্ধ না হবে, ততক্ষণ তাদের ‘প্রতিশোধমূলক’ অভিযান চলতেই থাকবে।

এনটিভি অনলাইন ডেস্ক